
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, গাছ কর্তন, ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
যশলং গ্রামের মোখলেছ দেওয়ানের সঙ্গে প্রতিবেশী যশলং ইউনিয়নের ১, ২, ৩ ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা বেগমের সঙ্গে রাস্তাসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল ১০টায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় রিনা বেগমের নেতৃত্বে প্রায় ৪০-৫০ সশস্ত্র সন্ত্রাসী। সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী প্রতিপক্ষের বাড়িতে তা-ব চালায় তারা।
এ সময় মোখলেছ দেওয়ানের বাড়ির পাশের বাগানের প্রায় ২ শত কলাগাছ ১ শত আম, কাঁঠাল ও বনজ বৃক্ষের চারা কর্তন, বাগানের পাশের বাউন্ডারি ভেঙ্গে সিমেন্টের তৈরি খাম ভাঙ্গন ও বাড়ির বাউন্ডারির টিন, গেট ভেঙ্গে লুটতরাজ চালায় তারা। মোখলেছ দেওয়ানের বাড়ির বিদ্যুতের মিটার ভাংচুর ও ঘরে হামলার ঘটনা ঘটে। মোখলেছ দেওয়ান ও তাঁর পরিবার ঘরের মধ্যে ভয়ে আত্মগোপন করে থাকে। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

জনকন্ঠ