মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের উত্তর পাইকশা গ্রামে এক ব্যক্তির লাশ দাফনের সময় দুর্বৃত্তরা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম আপেল মোল্লা। গত সোমবার দুপুরে ঢাকার উত্তরা জাহানারা হাসপাতালে তিনি মারা যান।স্থানীয়রা জানায়, আপেল মোল্লার মরদেহ সোমবার সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়িতে আনা হয়। রাত সাড়ে ৮টায় পাশের খেলার মাঠে জানাজার প্রস্তুতি নিলে স্থানীয় রেখাউল, বাবুল, রাজ্জাক ও নাহিদ নামের কয়েক যুবক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। লাশ দাফনে বিলম্ব হওয়ায় উত্তেজিত জনতা হইচই শুরু করে। চাঁদার টাকা না দিলে জানাজা ও দাফন করতে দেওয়া হবে না বলেও সন্ত্রাসীরা হুমকি দেয়।
লাশ নিয়ে চাঁদা দাবির ঘটনায় এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে শ্রীনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতিতে সোমবার রাত ১১টায় আপেলের মরদেহ দাফন করা হয়। শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আপেলের ভাই রাসেল মোল্লা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
কালের কন্ঠ