Saturday, November 01, 2014

আজ পদ্মা সেতুর মাটি পরীক্ষা শুরু হচ্ছে

পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ আজ শনিবার শুরু হচ্ছে। পদ্মা সেতুর সর্বমোট ২৬৬ পিলারের মধ্যে ৬৬ পিলারের স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি পিলারের পয়েন্ট নিয়ে একটু সমস্যা হওয়ায় কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার মাটির পরীক্ষার কাজ শুরু করার কথা থাকলেও নানান কারণে তা সম্ভব হয়নি। সেতুর মোট ২৬৬ পিলারের মধ্যে মাওয়া প্রান্তের ৬৬ পিলারের পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। তবে পাঁচটি পিলারের জায়গায় দোকানঘর থাকায় এখানে মাটি পরীক্ষার কাজে সমস্যার সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা এসব জমির মালিককে পিলারের জন্য নির্ধারিত জায়গা থেকে দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। দুই-একদিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেয়া হবে। তখন আর পিলারের জন্য মাটি পরীক্ষার কাজে কোন প্রকার অন্তরায় থাকবে না। মাটি পরীক্ষার এ কাজের সঙ্গে সঙ্গে অন্য পিলারের পয়েন্ট নির্ধারণের কাজও চলবে।

চীন থেকে আসা পাইলিং ডিজাইন ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, মাটি পরীক্ষার প্রকৌশলীসহ উচ্চপর্যায়ের প্রকৌশলী দেশে পৌঁছার পর ইতোমধ্যেই সেতুস্থল পরিদর্শন করেছেন। তাঁরা প্রতিদিনই সেতুর বিভিন্ন দিক নিয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।

মাটি পরীক্ষার ছোট আকারের চার সেট গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং কেমিক্যাল বিমানযোগে চীন থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দর হয়ে মাওয়ায় এসেছে। এতে মূল সেতুর কাজ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার।

জনকন্ঠ