Saturday, November 01, 2014

বেহাল রাস্তা, দুর্ভোগে সিরাজদিখানের পাঁচ গ্রামবাসী

একটি রাস্তার বেহালের কারণে চরম দুর্ভোগে পড়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখানের পাঁচ গ্রামের মানুষ। রাস্তাটির অবস্থা এতই করুণ যে প্রায় সময়ই হেঁটে চলতেও কষ্ট হয়। ফলে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারজাত করতে পারছে না গ্রামবাসী। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলার বালুর চর ইউনিয়নের চান্দের চর, খাসকান্দি, মদিনাপাড়াসহ পাঁচ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি-কাদা জমে যায়। সৃষ্টি হয় গর্ত। রাজধানী ঢাকা থেকে ১৫ কিলোমিটার ও ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে আট কিলোমিটার দূরে এ রাস্তা। কাছাকাছি হওয়ায় অনেকেই এখান থেকে সরাসরি ঢাকায় আসা-যাওয়া করে। প্রতিদিন এ পথে চার-পাঁচ হাজার লোকের যাতায়াত।

এ ছাড়া এ অঞ্চলের অধিকাংশ মানুষেরই আয়-রোজগার হচ্ছে কৃষিনির্ভর। মৌসুমি বিভিন্ন সবজিসহ সব ধরনের ফসলেরই চাষাবাদ হয় এখানে। এসব ফসল এখানকার কৃষকরা ঢাকার শ্যামবাজার ও কারওরান বাজার আড়তে বিক্রি করে। কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এখন তারা এ ফসল ঠিকমতো পরিবহন করতে পারছে না। ঠিক সময়ে পৌঁছাতে না পারা ও পরিবহন খরচ অধিক হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী দিদার হোসেন বলেন, '(বেহাল) রাস্তার কারণে মালামাল নিয়ে সময়মতো আড়তে পৌঁছতে পারি না। খারাপ রাস্তার কারণে ভাড়াও বেশি লাগে। এতে লাভ তো দূরের কথা, এ বছর ঠিকমতো চালানও পাব না।'

বালুর চর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন জানান, রাস্তাটি দিয়ে বিপুলসংখ্যক সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। বৃষ্টির মধ্যে এসব যানবাহন চলাচল করায় রাস্তাটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। শুষ্ক মৌসুমে এ রাস্তা সংস্কার করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, 'আমি নতুন এসেছি। রাস্তাটির অবস্থা সম্পর্কে জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।'

কালেরকন্ঠ