Sunday, July 03, 2011

২ প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতরের ৩৮ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে পরিবেশ অধিদফতর আজ শনিবার বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় এলাকার বর্ণালী ফ্যাব্রিক্স ও আইডিয়াল টেক্সটাইল লিমিটেডকে কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় মাটির নিচে নির্মিত পাইপ লাইনের মাধ্যমে সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলার অপরাধে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুপুরে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালিয়ে এই জরিমানা ধার্য করে। এছাড়া আগামীকাল রোববারের মধ্যে অধিদফতরের মহাপরিচালক বরাবর এই জরিমানার টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে বর্ণালী ফ্যাব্রিক্সকে আগামীকাল রোববার ১১টার মধ্যে অধিদফতরের কার্যালয়ে দেখা করার জন্য নির্দেশ দেয়া হয়। এছাড়াও পূর্ণাঙ্গভাবে পানি পরিশোধন প্লান্ট (ইটিপি) স্থাপন না করা পর্যন্ত কারখানার দু’টির ডাইং ও প্রিন্টিং কার্যক্রম সম্পর্র্ণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা জেলার নির্বাহি ম্যাজিস্ট্রেট মনির চৌধুরী জানান, পরিবেশ ছাড়পত্র ও পানি পরিশোধন প্লান্ট (ইটিপি) স্থাপন ছাড়াই প্রতিষ্ঠান দু’টি পূর্ণমাত্রায় তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। পানি পরিশোধন প্লান্ট না থাকায় কারখানা থেকে কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় মাটির নিচে নির্মিত পাইপ লাইনের মাধ্যমে সরাসরি মিশে যাচ্ছে ধলেশ্বরী নদীতে। এতে করে নদীর একটি বিরাট অংশ জুড়ে কালো পানির স্তর পড়েছে যা জলজপ্রাণী ও মানবদেহের জন্য ক্ষতিকর। তবে প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা বলছেন, তারা নিয়ম অনুযায়ী পানি পরিশোধন করছেন।

শীর্ষ নিউজ
----------------------------------------------

নদী দূষণ: মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলকে সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় অপরিশোধিত কেমিক্যাল বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলার অভিযোগে একটি টেক্সটাইল কারখানাকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বন্ধ করে দেওয়া হয়েছে কারখানার ডাইং ও প্রিন্টিং কাজ।

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে মুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলকে এ জরিমানা করে।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনির চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনির চৌধুরী বাংলানিউজকে জানান, মুন্সীগঞ্জ শহরের পশ্চিম মুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলের ডাইং ও প্রিন্টিং কাজের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য অপরিশোধিতভাবে সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছিল।

এ বর্জ্য নদীর পানিতে মিশে ঢাকার বুড়িগঙ্গার মতো মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর পানিও দূষিত হচ্ছে।

নদী দূষণের দায়ে ওই শিল্প প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন না করা পর্যন্ত ওই কারখানার ডাইং ও প্রিন্টিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আগামীকাল রোববারের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জরিমানার ৩৮ লাখ ৪০ হাজার টাকা জমার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
----------------------------------------------