Saturday, July 16, 2011

মেঘনায় জেলে নৌকায় ডাকাতি

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শনিবার বিকেলে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানায় ক্ষতিগ্রস্ত জেলেরা। ডাকাতরা অজ্ঞাত হওয়ায় মামলা রুজু করা হয়নি বলে তারা জানায়।


জানা যায়, মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকচর সিকদারকান্দি গ্রামের জেলে আওলাদ, উজ্জল, মাসুম ও মকবুল গতকাল শুক্রবার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় ইঞ্জিনচালিত ট্রলারে করে একদল মুখোশধারী ডাকাত জেলেদের নৌকায় হামলা চালিয়ে তাদের কাছে থাকা ৪টি মোবাইল সেট, প্রায় ১৬ হাজার টাকার মাছ ও নগদ ৮ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জেলে আওলাদ বলেন, প্রতি সপ্তাহেই ডাকাতরা জেলেদের নৌকায় লুটপাট চালাচ্ছে। বিষয়টি আজ মুন্সীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, জেলেরা অভিযোগ না করে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। এর প্রেক্ষিতে নদীতে নৌ-টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

শীর্ষ নিউজ