Saturday, July 16, 2011

‘মঞ্চকুসুম শিমূল ইউসুফ’ বইয়ের মোড়ক উম্মোচন

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুনীমানুষ বেঁচে থাকতে আমরা তার কদর করতে পারি না। কিন্তু শিমূল ইউসুফের অর্জনকে উৎসবের মতো করে পালন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘মঞ্চকুসুম শিমূল ইউসুফ’ বইয়ের মোড়ক উম্মোচন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।

শিমূল ইউসুফকে উদ্দেশ্য করে ডা. দীপু মনি বলেন, আপনি মঞ্চকুসুম, আপনার সৌরভ দেশ ও জাতিকে সমৃদ্ধ করুক। আপনি আমাদের গর্ব।

এসময় শিমূল ইউসুফসহ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও নাট্যজন রামেন্দু মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বইটির সম্পাদক বেলাল চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান আরিফ। এছাড়াও দর্শক সারিতে সারা আরা মাহমুদ, ঝুনা চৌধুরী, বেগমজাদী মেহরুননেসা সেলিমসহ মঞ্চনাট্যজগতের অনেকেই উপস্থিত ছিলেন।

বইটিতে রয়েছে তার অভিনীত আলোচিত মঞ্চনাটকের স্থিরচিত্র, তার গানের অ্যালবামের প্রচ্ছদ এবং তাকে নিয়ে রফিকুন নবী, শিশির ভট্টাচার্য, মাহমুদুল হক ও যোগেন চৌধুরীর আঁকা ছবি। ২৫৭ পৃষ্ঠার এ বইটি উৎসর্গ করা হয়েছে বিনোদিনী দাসী ও নাট্যাচার্য সেলিম আল দীনকে। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত এ বইটির মূল নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

শিমূল ইউসুফ বাংলা নাট্যমঞ্চের উজ্জ্বল নক্ষত্রের নাম। মঞ্চে অভিনয়ের সঙ্গে তার গান ও নাচের সম্মিলিত দক্ষতায় মুগ্ধ হয়ে কবি সুফিয়া কামাল তাকে ‘মঞ্চকুসুম’ উপাধিতে ভূষিত করেন। ২০০৭ সালে শিমূল ইউসুফের পঞ্চাশতম জন্মজয়ন্তীতে তাকে নিয়ে গ্রন্থ রচনার উদ্যোগ নেওয়া হয়। চার বছর আগের উদ্যোগ আলোর মুখ দেখলো ২০১১ সালে। প্রকাশিত হলো ‘মঞ্চকুসুম শিমূল ইউসুফ’ নামে সেই গ্রন্থটি। এপার-ওপার বাংলার ৫৬জন লেখকের লেখা স্থান পেয়েছে বইটিতে। লেখকরা হলেন মাহবুব উল আলম চৌধুরী, কামাল লোহানী, সেলিম আল দীন, বেলাল চৌধুরী, ড. আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, মমতাজ উদ্দীন আহমদ, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, ঊষা গাঙ্গুলী, দেবেশ রায়, রুদ্র প্রসাদ সেনগুপ্ত, পবিত্র সরকার, অরুণ সেন, পার্থ ঘোষ প্রমুখ।

বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম