Wednesday, July 06, 2011

তত্ত্বাবধায়ক সরকারের কারণে তারেককে লাঠি ভর করে হাটতে হচ্ছে: এমিলি

জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কারণেই বিরোধী দলীয় নেত্রীর ছেলে তারেক রহমানকে লাঠি ভর করে হাটতে হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও অর্জন-২০১১ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে ভালো নির্বাচন হচ্ছে। তিনি বিরোধী দলের হিংসাত্বক রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, যে দল ক্ষমতায় যায় না তারা নিরপেক্ষ নির্বাচন স্বীকার করে না।

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আজিজুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সামসুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি খান মনিরুল ইসলাম পল্টন প্রমুখ। এর আগে হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি ৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন।