রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের তরকারি বাজার ও হলুদ বাজারের জায়গা (ধুলট মহল) লিজ দিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এই জায়গাটিতে ব্রিটিশ আমল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা করে আসছে। বাজারের জায়গা ও ধর্মীয় জায়গা দখলের প্রতিবাদে গতকাল দুপুরে বাজার কমিটির সেক্রেটারিসহ শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে।
এ সময় বাজার কমিটির সেক্রেটারি জুলহাস শেখ, ব্যবসায়ী বিমল ম-ল, ইজারাদার রুহুল আমীন, সাংবাদিক ও দুর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নবারণ দাসগুপ্তসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ধর্মীয় জায়গা দখল ও বাজার দখলকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কাও করছেন বাজারের ব্যবসায়ীরা। যে কোন মূল্যে এই বাজারের জায়গা রক্ষা করবেন বলে হুঁশিয়ার করে দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার দলীয় কিছু লোক ও সাবেক ইউএনও এবং তহশিলদারের জোগসাজশে মোটা অংকের টাকার বিনিময় পুরাতন ব্যবসায়ীদের উচ্ছেদ করে নতুন করে লিজ দিচ্ছে। এতে ২৫ বছর ধরে যে সব ব্যবসায়ী ব্যবসা করে আসছে তারা পথে বসবে। এ নিয়ে বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিনের বাজার ও দুর্গাপূজা পার্বণের স্থান ভূমিদস্যুরা যাতে দখল করতে না পারে সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
ব্যবসায়ী বিমল ম-ল বলেন, রক্ত দিয়ে হলেও আমরা আমাদের ব্যবসার ভিটা রক্ষা করব।
ইজারাদার রুহুল আমীন জানান, আমরা এ বাজার থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত ইজারা আদায় করে সরকারি কোষাগারে জমা দিচ্ছি। এটা দখল করে নেয়ার কোন সুযোগ নেই।
বালিগাঁও মহাবিদ্যালয়ের সভাপতি মঞ্জুরুল আলম বলেন, ভূমিদস্যুরা বাজারটি দখল করলে ৩০টি ব্যবসায়ী পরিবার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করবে। হিন্দুদের পূজার জায়গাটিও দখল করে নিলে ৫৭ বছরের ইতিহাস ধুলায় মিশে যাবে।
সংবাদ