Saturday, July 16, 2011

টঙ্গিবাড়িতে বসতভিটা নিয়ে ২ পক্ষের বিরোধ, সাংবাদিক লাঞ্ছিত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বসতভিটা নিয়ে ২ পক্ষের বিরোধে এক পক্ষ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ৮টি গাছ কেটে নিয়েছে। এ ছবি তুলতে গিয়ে পুলিশের উপস্থিতিতে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। শুক্রবার উপজেলার ভিটি মালধা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ভিটি মালধা গ্রামের জব্বার হালদার তার বসতভিটায় সলেমান গংদের আশ্রয় দিয়েছিলেন। সম্প্রতি জব্বার হালদার তাদের বসতভিটা ছেড়ে দিতে বললে সলেমান গং নিজেকে ওই সম্পত্তির মালিক দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে জব্বার হালদার আদালতে মামলা করলে আদালত বসতভিটাকে বিরোধপূর্ণ উল্লেখ করে নির্দেশ জারি করেন। কিন্তু সলেমান গং আদালতের নির্দেশ অমান্য করে বসতভিটার ৮টি কড়ই গাছ কেটে ফেললে জব্বার হালদার থানায় অভিযোগ করেন। টঙ্গিবাড়ি থানা পুলিশ আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল সরজমিনে তদন্ত করে এবং বিবাদী সলেমান গংকে গাছ কাটতে নিষেধ করে। এ সময় গাছ টাকার দৃশ্য ক্যামেরা বন্দি করতে গেলে সলেমান সাংবাদিক ফিরুজ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

স্থানীয় একটি সূত্র জানায়, পুলিশ গাছ কাটতে বা কর্তন করা গাছ কোনো পক্ষকে না নিতে নিষেধ করলেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর সলেমান গং কেটে ফেলা গাছ ট্রলার ভর্তি করে নিয়ে যায়।

এসআই ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষ নিউজ