রাহমান মনি
অবশেষে জাপান প্রবাসীদের মান রক্ষা হয়েছে। স্বস্তি ফিরে এসেছে প্রবাসী সমাজে। এত বড় একটা বিপর্যয় সত্ত্বেও যেই জাপান প্রতিশ্রুতি মোতাবেক ২,৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। সেই জাপানের দুঃসময়ে বাংলাদেশ থেকে ২ হাজার কম্বল, ৫০০ জোড়া রাবারের জুতো এবং এক হাজার পিস রাবারের গ্লাভস ত্রাণ সহায়তা হিসেবে পাঠানোয় প্রবাসীরা হতভম্ব হয়ে যায়। প্রবাসী সমাজে এ নিয়ে বেশ আলোচনার ঝড় বয়ে যায়। স্থানীয় দূতাবাসে গিয়ে উষ্মা প্রকাশ করা হয় প্রবাসী সমাজ থেকে। লেখালেখি হয় মিডিয়ায়। খবরটি পৌঁছায় সরকারের সর্বোচ্চ মহলে। অবশেষে সরকারের টনক নড়ে। সাপ্তাহিকও রিপোর্ট প্রকাশ করে।
১১ মার্চ জাপানের ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট দুর্যোগে বাংলাদেশ জাপানকে অতিরিক্ত সাহায্য হিসেবে আরো বিশ লাখ ডলার (১৬৩ মিলিয়ন ইয়েন) দিয়েছে। গত শনিবার (১৪ মে) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা (Tamotsu Shinotsuka)’র হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেকটি তুলে দেন বলে জাপান সরকার এক প্রেস রিলিজে জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রেস রিলিজে আরো জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভূমিকম্প ও সুনামিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোকবার্তা পাঠিয়েছিলেন। ইতোমধ্যেই বাংলাদেশ ২ হাজার কম্বল, ৫০০ জোড়া রাবারের জুতো এবং এক হাজার রাবারের গ্লাভস ত্রাণ হিসেবে পাঠিয়েছে।
প্রেস রিলিজে আরো বলা হয়, এছাড়াও স্থানীয় বাংলাদেশ থেকে আগত অভিবাসীরা বিভিন্ন ভলান্টিয়ার, দুর্গতদের মাঝে গরম খাবার পরিবেশন, তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন কনসার্ট আয়োজন এবং সহায়তা প্রদান জাপান এবং জাপানি জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
উল্লেখ্য, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্নভাবে জাপানের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন প্রবাসী বাংলাদেশি তার ২টি আবাসিক হোটেলের সবক’টি কক্ষ দুর্গতদের জন্য ছেড়ে দিয়েছেন। অনেকেই আশ্রয় কেন্দ্রের দুর্গতদের জন্য গরম খাবার নিয়ে গেছেন। বাংলাদেশে কমিউনিটি ৩ এপ্রিল ২০১১ টোকিওতে চ্যারিটি কনসার্ট ও ছবি প্রদর্শন করে তহবিল সংগ্রহ করে ১২ লাখ ইয়েন জাপান রেডক্রসকে হস্তান্তর করেছে দুর্গতদের সহায়তা করার জন্য। টোকিও বৈশাখী মেলা (১৭ এপ্রিল) চ্যারিটি প্রোগ্রাম করে মোট দশ লাখ ইয়েন স্থানীয় প্রশাসনের মাধ্যমে দুর্গতদের জন্য পাঠিয়েছে। উত্তরণ সাংস্কৃতিক দল রনলা (রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, লালন)’কে চ্যারিটি ঘোষণা করে ১৪ মে অর্থ সংগ্রহ করে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। এছাড়াও উত্তরণ গরম খাবার নিয়ে গিয়েছে দুর্গত এলাকায়। ইসলামিক মিশন থেকেও দুর্গতদের পাশে দাঁড়ানো হয়েছে। সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিরা দুর্গতদের জন্য কাজ করে জাপান পুনর্গঠনে ভূমিকা রাখছে। জাপান সরকারও প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেছে। প্রেস রিলিজে কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে।
rahmanmoni@sheptahik.com