Sunday, May 08, 2011

গজারিয়ায় বালু উত্তোলন নিয়ে হামলা-পাল্টা হামলায় আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীর তীর ঘেঁষে বালু কাটার সময় শ্রমিকদের মারধর ও ড্রেজার আটকের ঘটনায় প্রতিপক্ষের উপর পাল্টা হামলা চালিয়েছে ড্রেজার মালিক পক্ষের লোকজন। এ হামলা-পাল্টা হামলায় দু'পক্ষের ৭ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভবেরচর এলাকায় ও গতকাল শুক্রবার রাতে ভবানীরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ড্রেজার শ্রমিকদের উপর হামলার ঘটনার জের ধরেই পাল্টা হামলার সূত্রপাত। এ নিয়ে দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ফখরুদ্দিন মিয়ার শ্রমিকরা গজারিয়ার ভবানীপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেঁষে ড্রেজার দিয়ে বালু কাটছিল। এ সময় আরিফের নেতৃত্বে স্থানীয় খান ব্রাদার্সের শ্রমিকরা হামলা চালিয়ে ফখরুদ্দিন মিয়ার ড্রেজার আটক করে। হামলায় ৫ ড্রেজার শ্রমিক আহত হয়। এর জেরধরে আজ দুপুরে ড্রেজার মালিক ফখরুদ্দিন ও তার শ্রমিকরা ভবেরচর এলাকায় আরিফকে আটকের পর মারধর করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মাসুম নামের এক যুবক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় আরিফ ও মাসুমকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

গজারিয়া থানার এসআই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।