Sunday, May 08, 2011

মাওয়া-মুক্তারপুর চার লেনের সড়ক হবে

পদ্মা সেতু নির্মাণ শেষে মুন্সীগঞ্জের মাওয়া থেকে মুক্তারপুর পর্যন্ত চার লেনের একটি আধুনিক সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে সেতু বিভাগের। এছাড়া ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর একটি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। শনিবার দুপুর ১ টার দিকে সেতু বিভাগের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারী স্কুল মাঠে শহীদ মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি জানান, কুমিল্লার সঙ্গে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিকল্প সড়ক যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে পদ্মা সেতু নির্মাণের সুফল পেতে নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর উপর ওই সেতু নির্মাণ হবে।

সেতু বিভাগের সচিব আরও জানান, পদ্মা সেতু নির্মাণ শেষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মাওয়া থেকে জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর পর্যন্ত একটি চারলেনের আধুনিক সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ আব্দুর রব শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আজিজুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জী, টঙ্গীবাড়ি উপজেলার ইউএনও আব্দুল জলিল, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, মুক্তিযোদ্ধা শামসুল হক প্রমুখ।

এসময় টঙ্গীবাড়ি উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম