মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাসকে মারধর করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। শুক্রবার রাতে উপজেলার আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী খানকে সমর্থন দিয়ে জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাস শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী সভায় যোগদান করেন। সভা শেষে বাড়ি ফেরার পথে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ ও ছাত্রলীগ নেতা রকিবুল হাসান মাসুদ তার পথরোধ করে মারধর ও নির্বাচন নিয়ে মাথা না ঘামানোর জন্য হুমকি দেয়।
শ্রীনগর থানা পুলিশ জানান, আটপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী খানের বাড়িতে নির্বাচনী সভায় যোগদান করায় তাপস কুমার দাসকে মারধর করা হয়েছে। তবে এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি। এদিকে পুনরায় হামলায় ভয়ে তাপস কুমার থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছে না বলে স্থানীয়রা জানায়।