সাবেক রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১২ সালের এই দিনে ৮১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের বামুনগাদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দিবসটি পালন উপলক্ষে ঢাকার বনানীস্থ তাঁর কবরে পুস্পমাল্য অর্পন ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার তাঁর প্রতিষ্ঠিত মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে দোয়ার আয়োজন করা হয়েছে। শিক্ষাবীদ অধ্যাপিকা আনোয়ারা বেগম প্রয়াত স্বামীর আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।সাবেক এই রাষ্ট্রপতি মুন্সীগঞ্জ সদরের নয়াগাঁও গ্রামে ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি জন্ম গ্রহন করেন। শিক্ষায় অবদানের জন্য ১৯৯৫ সালে ভাষা সৈনিক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে একুশে পদকে ভূষিত করা হয়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন। মৃত্তিকা বিজ্ঞানের এই অধ্যাপক ধান গাছের ওপর লবনাক্তের প্রভাব এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উচ্চফলনশীল ধান নিয়ে গবেষণা করেন। উদ্ভিদের পুষ্টি উপাদান মাটিতে জমা করে রাখা এবং তা প্রয়োজনমত উদ্ভিদকে সরবরাহ করার ওপর সফল গবেষণা চালিয়েছেন।
তাঁর ১২৫টি গবেষণামূলক প্রকাশনা রয়েছে। দেশের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের বিভিন্ন মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রপতি হওয়ার আগেও দেশের নানা গুরু দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি কর্মকমিশন (পিএসসি) এবং বিশ্ববিদ্যালয়র মঞ্জুরি কমিশনের সফল চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সালের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের খাদ্য ও সংস্কৃতি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সেপ্টেম্বরে বিএনপি সরকারের শাসনামলে জাতীয় সংসদের মনোনয়নে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতির শপথ গ্রহনের পর প্রায় সাড়ে ৬ বছর রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করেন।
এই সময়ের মধ্যে নানা ক্রান্তিকাল অতিবাহিত করেন তিনি। রাজনৈতিক চরম সঙ্কটে দেশে জরুরি অবস্থা জারিসহ নানা ঘটনা ঘটে। তবে ২০০৮ সালের ডিসেম্বরে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা অর্পন ছিল প্রসংশিত ঘটনা। তিনি ঢাকার বানানীতে অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মুন্সীগঞ্জে প্রতিষ্ঠা করেছেন স্বনামধন্য প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
মুন্সিগঞ্জেরকাগজ