জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কর্মের কথা স্মরণ করে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্থপতি মাইনুল হোসেনের অনন্য সাধারণ নকশায় নির্মিত জাতীয় স্মৃতিসৌধ বাংলা এবং বাঙালি জাতির সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হিসেবে চির ভাস্বর থাকবে। এ মহান কীর্তির স্বীকৃতি স্বরূপ জাতি চিরদিন তার নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতিমান এ স্থপতি।
বিডিনিউজ