Friday, November 28, 2014

লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে নৌযান চলাচল শুরু : যানজটে দুর্ভোগ

পদ্মা সেতু নির্মাণের কারণে জেলার লৌহজং উপজেলার শিমুলিয়ার নতুন ঘাট থেকে ফেরি-লঞ্চসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে অনানুষ্ঠানিকভাবে নৌযান চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এদিকে নবনির্মিত এ রাস্তা সরু ও কাঁচা হওয়ায় প্রায় ৬ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নৌযান সূত্র থেকে জানা যায়, উপজেলার কুমারভোগ ইউনিয়নের নবনির্মিত শিমুলিয়াঘাট মাওয়া চৌরাস্তা থেকে সাড়ে ৩ কি.মি পূর্বে নির্মাণ করা হয়েছে।

মাওয়া বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, পদ্মা সেতুর এপ্রোচ সড়ক, সেতুর পাড়সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে মাওয়া প্রান্তে তাই ২৮ বছর পর মাওয়া নৌঘাঁটিকে শিমুলিয়া প্রান্তে স্থানান্তর করা হয়েছে। অস্থায়ী এ ঘাটে ৩টি ফেরিঘাট, ১টি লঞ্চঘাট ও একটি সি-বোর্ড ঘাট নির্মাণ করা হয়েছে। সকাল থেকে এ ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে।

তিনি আরও জানান, নতুন ঘাটের সড়ক একটু সরু এবং যানবাহন লোড-আনলোডের সময় সড়কের বিভিন্ন স্থান দেবে যাওয়ায় গাড়ির চাকা আটকে যায়। ফলে যাত্রীদের কিছুটা সমস্যা হচ্ছে। তবে কিছু দিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, মাওয়া চৌরাস্তা থেকে শিমুলিয়া ঘাটের মেইন সড়কের প্রায় ২ কি.মি এলাকায় যানজট রয়েছে। সড়কটি একটু সরু বলে এ সমস্যা সৃষ্টি করা হয়েছে।

এদিকে রাস্তা প্রশস্ত করার জন্য সড়কের পাশে কিছু গাছ কাটা হচ্ছে তাই যানবাহনগুলোকে সতর্কতার সঙ্গে পারাপার করতে যাত্রীদের কিছুটা কষ্ট সইতে হচ্ছে।

দ্য রিপোর্ট