স্থানীয় লোকজন জানান, ঢাকা-মুন্সিগঞ্জ-টঙ্গিবাড়ী সড়কের বাহেরপাড়া এলাকার সেতুটি এতটাই সরু যে এর ওপর দিয়ে একসঙ্গে পাশাপাশি দুটি গাড়ি চলাচল করতে পারে না। এ সেতুর রেলিংগুলো জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। টঙ্গিবাড়ী উপজেলার বাসিন্দাদের এই সেতুর ওপর দিয়ে রাজধানী ঢাকা ও জেলা শহর মুন্সিগঞ্জে যাতায়াত করতে হয়। প্রতিদিন ৮-১০ হাজার মানুষ এই পথে যাতায়াত করে। সেতুটিতে গাড়ির চাপ বেশি থাকলে দুই পাশে যানজট লেগে যায়।
ট্রাকচালক মনির হোসেন জানান, সেতুটি ভেঙে প্রশস্ত সেতু করা দরকার। একটি গাড়ি গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে অপেক্ষা করতে হয়। বড় ধরনের আলু বা মালবোঝাই ট্রাক যাওয়ার সময় দুই পাশের রেলিংয়ে লেগে যাওয়ার উপক্রম হয়। বাহেরপাড়া এলাকার সামছুদ্দিন মিয়া জানান, টঙ্গিবাড়ীর মানুষের এটাই প্রধান সড়ক। প্রতিদিন এই পথে অনেক গাড়ি যায়। এত সরু সেতুর কারণে এখানে প্রায় সময় যানজট লেগে থাকে। তাই যাত্রীদের অতিরিক্ত সময় ব্যয় হয় এই সেতুর জন্য। সেতুটি ভেঙে প্রশস্ত সেতু নির্মাণ করা দরকার।
সড়ক ও জনপথ অধিদপ্তরের মুন্সিগঞ্জ অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, ‘আসলেই সেতুটি সরু। এমন ব্যস্ত সড়কে এই সেতু এখন চলে না। আমরা প্রতিবছর সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাই, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন এ বিষয়ে স্থানীয় সাংসদ ভূমিকা রাখলে একটি প্রশস্ত সেতু নির্মাণ করা সম্ভব।’
মুন্সিগঞ্জ-২ (টঙ্গিবাড়ী ও লৌহজং) আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন জানান, সেতুটি নির্মাণের জন্য অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রথম আলো