শ্রীনগরে যুবলীগ নেতা ও ইউপি সদস্যসহ ৩৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। রোববার উপজেলার বিবন্দি গ্রামের আজহার হাওলাদার বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে এ মামলা দায়ের করেন। এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী মর্জিনা নামে এক মহিলা বাদী হয়ে অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।জানা গেছে, উপজেলার বিবন্দি বাজারের একটি দোকান ঘরের মালামাল লুটপাট এবং দোকান ভিটির বিক্রির দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। দোকান মালিক আজহার হাওলাদার অভিযোগ করেন, শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমিন উদ্দিন এবং আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য মোকসেদ আলী বহিরাগত ৪০-৫০ জন লোক নিয়ে উপজেলার বিবন্দি বাজারে আজাহার হাওলাদারের মুদি দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল লুটে নিয়ে যায়।
রোববার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, লুট হওয়া দোকানটি তালাবদ্ধ এবং বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী অভিযোগ করেন, মর্জিনার স্বামীর ওয়ারিশ হিসেবে প্রাপ্ত দোকান ঘরটি যুবলীগ নেতা ও ইউপি মেম্বারের অজান্তে আজহার হাওলাদারের কাছে বিক্রি করার অপরাধে এক সপ্তাহ আগে মর্জিনার বাড়িতে এবং শুক্রবার দুপুরে বাজারের দোকান ঘরে তারা হামলা চালায়। এ ব্যাপারে যুবলীগ নেতা আমিন উদ্দিন মোল্লা বলেন, চাঁদাবাজির মামলা হতেই পারে।
যুগান্তর