মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বিআরডিবি অফিসের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় লক্ষীপুর গ্রাম উন্নয়ন সমিতির নামে ১১ সদস্যকে ১ লাখ ১০ হাজার ঋণ প্রদান করে। সমিতির প্রত্যেকে সদস্যকে ১০ হাজার টাকার স্থলে ৯ হাজার ৯০০ টাকা করে ঋণ প্রদান করে ফিল্ড সুপারভাইজার মো. মিন্টু মিয়া। সমিতির ম্যানেজার মো. জাহিদুল ইসলাম ‘একটি বাড়ি একটি খামার’ এর প্রকল্প পরিচালক প্রশান্ত কুমারকে বিষয়টি মোবাইলে অবহিত করেন। প্রকল্প পরিচালক বিষয়টি তদন্ত করে সত্যতা পান।প্রকল্প পরিচালক নির্দেশে ফিল্ড সুপারভাইজার সমিতির প্রত্যেক সদস্যকে ১শ’ টাকা করে ফেরত দেন। প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার ফিল্ড সুপারভাইজার মিন্টু মিয়াকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করেন।
সমিতির ম্যানেজার গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস বরাবর গত ৮ই অক্টোবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সমিতির ম্যানেজার ও সভাপতিকে মাসিক ১২শ’ টাকা হারে ৬ মাসে ৭হাজার ২শ’ টাকার স্থলে ৬ হাজার ৭শ’ টাকা সম্মানী পরিশোধ করে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার ফিল্ড সুপারভাইজার মিন্টু মিয়াকে সাময়িক বরখাস্ত করেছেন। বিষয়টি ব্যাপক তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে ফিল্ড সুপারভাইজার মিন্টু মিয়া তাকে সাময়িক বরখাস্তের কথা স্বীকার করলেও ১শ’ টাকা করে উৎকোচের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার প্রতি অবিচার করা হয়েছে।
মুন্সীগঞ্জ বার্তা