Monday, October 13, 2014

গজারিয়ায় মেঘনা নদী থেকে কারেন্ট জাল জব্দ : জেলে আটক

জেলার গজারিয়ায় মেঘনা নদী থেকে সোমবার ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জালাল উদ্দিন (৫৪) নামে এক জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় দুপুর ১২টার দিকে ধলেশ্বরী নদীর পাড়ে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা ক্যাম্পের পেটি অফিসার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টার দিকে গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ড পৃথক দুটি টিম অভিযান চালায়।

এ সময় কোস্টগার্ডের একটি টিম জালাল উদ্দিন নামে এক জেলেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

অপর টিমটি ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

গজারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সালমা আক্তার অভিযানের সময় উপস্থিত ছিলেন।

দ্য রিপোর্ট