Tuesday, June 28, 2011

হাবিবের নতুন মিশন

আমরা একসঙ্গে অনেক দিন কাজ করছি। আমাদের যুগল কণ্ঠের সফলতাও সর্বোচ্চ। এখন সময়ের দাবি ওর জন্য একটা অ্যালবাম করার। এককভাবে এর আগে মৌলিক গানের অ্যালবাম আমি করিনি। সত্যি বলতে আমি পারসোনালি ওর অনেক বড় ফ্যান। আমি দারুণভাবে ইন্টারেস্ট ফিল করি ওর গান করতে। এসব মিলিয়ে এবার ওকে নিয়ে একটা অ্যালবাম করতে চাই। সময়ের সফল কণ্ঠ ন্যান্সি ও তার নতুন একক প্রসঙ্গে এক নিঃশ্বাসে এমনটাই বললেন সংগীত বিস্ময় হাবিব। সদ্য প্রকাশিত একক ‘আহ্বান’-এর পর হাবিবের এখন অন্যতম টার্গেট প্রজেক্ট ন্যান্সির নতুন একক। এরই মধ্যে অ্যালবামটির কাজও শুরু করে দিয়েছেন তিনি। দুটি গান তৈরি করে ফেলেছেন।

বাকি ৬টি গানের পরিকল্পনাও প্রায় শেষ পর্যায়ে। টার্গেট রোজার ঈদ থাকলেও সেটা কোরবানির ঈদে পিছিয়ে গেল দু’জনার আমেরিকা সফরের কারণে। হাবিব জানান, ১লা জুলাই তিনি দেশ ছাড়ছেন আমেরিকার উদ্দেশে। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন পিতা ফেরদৌস ওয়াহিদ এবং মা। আমেরিকায় থাকবেন টানা এক মাস। ফিরবেন জুলাইর শেষ সপ্তাহে। হাবিব বলেন, আমাদের টার্গেট ছিল রোজার ঈদ। কিন্তু প্রায় এক মাসের আমেরিকা সফরের কারণে সেটা আর হচ্ছে না। এখন আমরা মনস্থির করেছি কোরবানির ঈদের জন্য। এদিকে আমেরিকা সফর থেকে ফিরে এসেই ন্যান্সির এককের পাশাপাশি অনেক দিন দিন পর আবারও হাত রাখছেন আঞ্চলিক বাংলা গানের ফোক ভাণ্ডারে। কায়ার ‘কৃষ্ণ’, কায়া-হেলালের ‘মায়া’ এবং শিরীনের ‘পাঞ্জাবিওয়ালা’র আকাশচুম্বি রিমেক সফলতার পর গেল প্রায় বছর তিনেক হাবিব ব্যস্ত ছিলেন মূলত চলচ্চিত্রের মৌলিক গান নিয়ে।

এবার তিনি চলচ্চিত্র থেকে খানিক ছুটি নিয়ে ন্যান্সির পাশাপাশি আরও কিছু আঞ্চলিক গান নিয়ে কাজ করার মনস্থির করেছেন। সেজন্য এবারও তিনি শিল্পী হিসেবে বেছে নিয়েছেন লন্ডন প্রবাসী বন্ধু কায়া এবং হেলালকে। চলচ্চিত্রের গান থেকে সাময়িক বিরতি নিয়ে আবারও রিমেক অ্যালবাম প্রসঙ্গে হাবিব বলেন, আমি সত্যি কথা বলি- যে স্পিরিট আর ভালবাসা নিয়ে ফিল্মের গান শুরু করেছি; আনফরচুনিটলি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ‘এইতো প্রেম’ ছবির গান টানা সাত মাস ধরে করেছি। চলচ্চিত্রের প্রতিটি সিকোয়েন্স মাথায় রেখে গানগুলো তৈরি করতে কি পরিমাণ ডেডিকেশন ছিল সেটা বলে বোঝাতে পারবো না। গান হলো, গান রিলিজ হয়ে মানুষ এখন গানগুলো ভুলেও গেছে। অথচ ছবিটার কোন খবর নেই। ফিল্ম প্রডিউসাররা ফিল্ম বানাবে নাকি অডিও ব্যবসা করবে সেটাই এখন ভাবছি। এভাবে অনেক তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে। সে জন্যই আপাতত ছবির গান থেকে একটু ছুটিতে আছি। ন্যান্সি আর কায়া-হেলালের গানগুলো শেষ করে সিনেমার কথা ভাববো।

আর বিজ্ঞাপন জিঙ্গেল তো চলছেই। এটা করতে খুব মজা লাগে। খুব সুন্দর ভিডিও সাপোর্ট পাই, একদম ঝকঝকা। মানে ফিল্মের স্বাদটা বিজ্ঞাপন থেকে নেয়ার চেষ্টা করছি। এদিকে ফের রিমেক গানে ফেরা প্রসঙ্গে হাবিব বলেন, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু গান আছে যে গানগুলো উপস্থাপনের অভাবে সবার কানে পৌঁছায় না। নট অনলি সিলেটি, সব অঞ্চলেই এমন গানের ভাণ্ডার অনেক। এই গানগুলোকে তুলে ধরতে চাই। যেটা শুরু থেকেই আমি করছি। এই গানগুলোই আমাদের মূল পরিচিতি। সে জন্য আবারও ফোক রিমেক গানগুলো করতে চাইছি। এবার শুধু সিলেট কিংবা চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, চেষ্টা করবো বেশক’টি অঞ্চলের গান তুলে ধরতে।