এদিকে মে মাসে রিলিজ হওয়া হাবিবের তৃতীয় একক 'আহ্বান' শ্রোতারা লুফে নিয়েছেন। ছয় বছরের সঙ্গীত ক্যারিয়ারে মাত্র তিনটি একক প্রকাশ হয়েছে তার। ২০০৬ সালে 'শোন', ২০০৮ সালে 'বলছি তোমায়'র পর এ বছর প্রকাশ পেল তার নতুন একক 'আহ্বান'। এ প্রসঙ্গে হাবিব বলেন, 'অহেতুক বেশি অ্যালবাম আর বেশি বেশি গান বানিয়ে কোনো ফল পাওয়া যায় না। আমি সময় নিয়ে গান বাঁধতে পছন্দ করি। এজন্য শ্রোতাদের সত্যিকারের সাড়া পাই। এটাই একজন শিল্পীর প্রকৃত প্রাপ্তি।'
এরই মধ্যে হাবিবের তৃতীয় এককের 'জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা' গানটি শ্রোতাদের মুখে মুখে ঘুরে ফিরছে। হাবিব বলেন, 'আহ্বান নিয়ে আমি সন্তুষ্ট। যেমনটা চেয়েছিলাম, তেমনটাই পেয়েছি এ অ্যালবামে। দীর্ঘ সময় ধরে নানা ব্যস্ততায় আমি বেশ ক্লান্ত। এজন্যই আমেরিকায় ফোবানা সম্মেলনে যাচ্ছি। সেখানে অবসর যাপনের পাশাপাশি শুধুই স্টেজ করব।'