মুন্সীগঞ্জের সিরাজদিখানে দু’টি ভোট কেন্দ্রের ব্যালট পেপার ও ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনায় বুধবার দুপুরে ২ চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, জেলার সিরাজদিখানের লতুব্দী ইউনিয়নের লতুব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাক্স ও ব্যালট পেপার মঙ্গলবার দিবাগত রাতে ভোট গণনা শেষে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় লতুব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী হাফেজ ফজলুল হককে প্রধান আসামিসহ তার অর্ধশত সমর্থকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন।
জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, এছাড়া একই উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বুধবার দুপুরে একই থানায় আরো একটি মামলা রুজু করা হয়েছে।
ইছাপুরা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী অরুণ চৌধুরীকে প্রধান আসামি করে তার সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়দেব মল্লিক বাদী আরো একটি মামলা দায়ের করেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম