Sunday, June 26, 2011

হরগঙ্গায় ছাত্রলীগ কর্তৃক প্রভাষক লাঞ্ছিত

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক আব্দুল মান্নান বহিরাগত ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। আজ রোববার বেলা ১২টার দিকে কলেজের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এনিয়ে কলেজের সকল শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, এইচএসসি ১ম বর্ষে ভর্তির অপেক্ষামান তালিকায় নাম না থাকার পরও বহিরাগত ছাত্রলীগ কর্মীরা সকালে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মান্নানের কাছে কাগজপত্র দাখিল করে। এ সময় শিক্ষার্থীদের ভর্তি করতে বিলম্ব হওয়ায় তারা প্রভাষক আব্দুল মান্নানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করেন।

এ প্রসঙ্গে প্রভাষক আব্দুল মান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রভাষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

শীর্ষ নিউজ
--------------------------------------------

অবৈধভাবে ভর্তির চেষ্টায় সায় না দেয়ায় মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজে শিক্ষক লাঞ্ছিত

শহরের সরকারী হরগঙ্গা কলেজের একাদশ শাখায় অবৈধভাবে ভর্তির চেষ্টায় সায় না দেয়ায় বহিরাগতদের হাতে এক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এর প্রতিবাদে এই কলেজের শিক্ষক পরিষদ প্রতিবাদসভা করেছে এবং একাদশ শাখার ভর্তি গ্রহন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, অপেক্ষমান তালিকায় নেই এমন এক ছাত্রকে ভর্তির চেষ্টা চালায় সাবেক এক ছাত্র। এতে সায় না দেয়ায় হিসাব বিজ্ঞান শাখার সহকারী অধ্যাপক আব্দুল মান্নানকে লাচ্ছিত করে। এতে ক্ষোভে ফেটেপড়ে শিক্ষক ও ছাত্র সমাজ। পরে শিক্ষক পরিষদ জরুরিসভা ডেকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এর প্রতিবাদে ভর্তি সাময়িকভাবে বন্ধ করে দেয়।

বাংলাদেশনিউজ২৪x৭.কম
--------------------------------------------

মুন্সীগঞ্জে ছাত্রলীগের হাতে প্রভাষক লাঞ্ছিত

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষককে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা লাঞ্ছিত করেছেন। রোববার দুপুরে দিকে কলেজের প্রভাষক আব্দুল মান্নান ১৫-২০জন বহিরাগত ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ নিয়ে কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষকরা কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করেছে।

কলেজ শিক্ষকরা জানান, এইচএসসি ১ম বর্ষের ভর্তির ওয়েটিং লিস্টে নাম না থাকার পরও স্থানীয় বহিরাগত ছাত্রলীগ কর্মীরা কলেজে জোর পূর্বক প্রবেশ করে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মান্নানের কাছে কাগজ পত্র দাখিল করে শিক্ষার্থীদের ভর্তি নিতে বলে। এ সময় ঐ শিক্ষক ভর্তি নিতে অপারগতা প্রকাশ করে। এতে ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রভাষক আব্দুল মান্নানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। এ সময় লাঞ্ছিত প্রভাষক আব্দুল মান্নান লজ্জায় শিক্ষকদের অফিস কক্ষে চলে যায়। এ খবর শুনে অন্যান্য শিক্ষকরা তাৎক্ষণিক কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে। এবং শিক্ষক লাঞ্ছিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শিক্ষক লাঞ্ছিত ঘটনার বিষয়টি দুঃখজনক। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম
--------------------------------------------