Thursday, June 23, 2011

সন্ধ্যায়ও ককটেল বিস্ফোরণ

বুধবার সন্ধ্যায়ও মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর আত্মীয়ের বাড়িতে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিজয়ী চেয়ারম্যানের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছ বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের আমঘাটা গ্রামের দেওয়ান বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম মলি্লকের নিকট আত্মীয় কল্পনা দেওয়ানের বসত বাড়িতে ওই ককটেল বিস্ফোরণ হয়।

চেয়ারম্যান প্রার্থীর আত্মীয় কল্পনা দেওয়ান দাবি করেন, বিজয়ী চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকরা গ্রাম থেকে তাদের বিতাড়িত করতে ৭টি ককটেল নিক্ষেপ করে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত চোরাগুপ্তা ওই ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সদর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।