মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ২টি রো-রো ফেরি না চলাচল করায় ঢাকা-মাওয়া মহাসড়কে টানা ৬ ঘণ্টা যানজট সৃষ্টি হয়। আজ সোমবার এ ফেরি সঙ্কটের কারণে ৩ কিলোমিটারব্যাপী ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে।
আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে এ যানজট দেখা দেয়। এছাড়া কালবৈশাখী ঝড়ের কবলে সকালে আধ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় চ্যানেলে অন্তত ৫টি ফেরি যাত্রীবাহী যানবাহনসহ মাঝ পদ্মায় নোঙর ফেলে। বিআইডবিস্নটিসির ম্যানেজার বাণিজ্য চন্দ্র শেখর জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ২টি রো-রো ফেরি বিকল হয়ে গেছে। রো-রো ফেরি ভাষা শহীদ বরকতের ইঞ্জিন বিনষ্ট হলে ডকইয়ার্ডে নেয়া হয়। তাছাড়া অপর ফেরি শাহ মখদুম ভয়াবহ অগি্নকা-ে ক্ষতিগ্রস্ত; সেটিও মেরামতের জন্য ডকইয়ার্ডে রয়েছে। এতে করে নৌরুটে ফেরি সঙ্কট সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
দুপুর ৩টার পর যানবাহনের উপস্থিতি কমতে থাকলে যানজট হাল্কা হয়। তবে বিকেলেও যানজটের সৃষ্টি হয়েছিল বলে ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়।