Thursday, May 05, 2011

পদ্মানদীতে সিবোট সংঘর্ষে আহত ১৫

মাওয়া-মাঝিকান্দি-কাওড়াকান্দি নৌরুটের পদ্মানদীতে ২ সিবোটের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া-মাঝিকান্দি-কাওড়াকান্দি নৌরুটের পদ্মানদীর পালেরচর টার্নিং পয়েন্টে সাইড নিতে গিয়ে মাওয়াগামী ও মাঝিকান্দিগামী যাত্রীবোঝাই ২ সিবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিবোট দু’টি দুমড়ে-মুচড়ে মাঝ নদীতে ভেঙে পড়ে। এ সময় সিবোটে থাকা ২০ যাত্রীর মধ্যে ১৫ জন আহত হয়। এরপর যাত্রীদের চিৎকারে নৌরুটের অপর সিবোট চালকরা যাত্রীদের উদ্ধারে এগিয়ে যায়। যাত্রীদের সকলের বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে। পরে সংঘর্ষে ভেঙে যাওয়া ২ সিবোটের টুকরো অংশগুলো উদ্ধার করা হয়।