Thursday, May 05, 2011

নকলের অভিযোগ

গান নয়, নকলের অভিযোগ উঠেছে হাবিবের অ্যালবাম প্রচ্ছদের। বাংলালিংক মিউজিক স্টেশনে সদ্য প্রকাশিত আলোচিত অ্যালবাম ‘আহ্বান’ এর প্রচ্ছদ এরই মধ্যে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জনপ্রিয় গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে। অ্যালবাম আকারে প্রকাশের আগেই হাবিবকে নিয়ে ফেসবুকে অনেক নেতিবাচক মন্তব্য উঠেছে এরই মধ্যে। ‘আহ্বান’ অ্যালবাম আকারে... না বেরুলেও অ্যালবামটির প্রচ্ছদ দেখা গেছে ২৮শে এপ্রিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এবং পাওয়া যাচ্ছে বাংলালিংকের ওয়েবসাইটে। যে প্রচ্ছদটির হুবহু মিল খুঁজে পাওয়া গেছে বৃটিশ সংগীত শিল্পী জর্জ মিশেলের জনপ্রিয় অ্যালবাম ‘ওল্ডার’ এর প্রচ্ছদের সঙ্গে। দুটো প্রচ্ছদ পাশাপাশি রাখা হলে তেমন কোন পার্থক্যই খুঁজে পাওয়া যায় না।

দুটো প্রচ্ছদেই শিল্পীর মুখের বাম অংশ অন্ধকার, ডাক অংশ আলোকিত। দু’জনের চোখেই রঙিন লেন্স পরা, চাহনিতে রয়েছে ভৌতিকতা। জর্জ মিশেলের প্রচ্ছদে অ্যালবামের নামটি স্থান পেয়েছে নিচের অংশে ডান পাশে। আর হাবিবের অ্যালবামের নাম স্থান পেয়েছে প্রচ্ছদের নিচের অংশে বাম পাশে। দুটো প্রচ্ছদে পার্থক্য শুধু এটুকুই। মজার বিষয় হচ্ছে জর্জ মিশেলের ‘ওল্ডার’ এবং হাবিবের ‘আহ্বান’ দুটোই নিজেদের তৃতীয় একক।

তবে জর্জ মিশেলেরটি প্রকাশ পেয়েছে ১৯৯৬ সালে, আর হাবিবেরটা প্রকাশ পেয়েছে ২০১১-এর ২৮শে এপ্রিল। মাঝখানে শুধু ১৪ বছরের ফারাক। এদিকে হাবিবের এমন হুবহু নকল প্রচ্ছদ ডিজাইনার কে? অ্যালবামটি পূর্ণাঙ্গভাবে মুক্তি পায়নি বলে এ বিষয়ে কোন তথ্য এখনও পাওয়া যায়নি। আগামী ১লা জুন এটি ডেড লাইন মিউজিক থেকে অ্যালবাম আকারে প্রকাশের কথা রয়েছে। তবে অনেকেই মনে করছেন, এ অ্যালবামটির প্রচ্ছদ হাবিবের নিজের পরিকল্পনা থেকেই তৈরি হয়েছে। আবার অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন, হাবিবের মতো একজন শীর্ষ তারকা কি করে এমন হুবহু নকল প্রচ্ছদ করেন সেটাই অবাক করার বিষয়।