Friday, May 06, 2011

ঝিনাইদহে খোকার পথসভায় জুতা প্রদর্শন

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঝিনাইদহে ঢাকার মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পথসভায় নেতাকর্মীরা তাকে জুতা প্রদর্শন করেছে। এ সময় তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িতদের শাস্তি দাবিতে আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে পথসভায় সাদেক হোসেন খোকা বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমানের সভাপতিত্বে পথসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মুনির খান, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার, শহিদুজ্জামান বেল্টু ও আব্দুল ওহাব বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শৈলকুপার সাবেক এমপি আব্দুল ওহাব ও শৈলকুপা পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলে আসছে। এরই জের ধরে সাদেক হোসেন খোকার পথসভায় জুতা প্রদর্শন ও বিক্ষোভের ঘটনা ঘটে।