মুন্সীগঞ্জে যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ রোববার যুবলীগ নেতার স্ত্রী রোখসানা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জানা গেছে, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন আসন্ন চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ গ্রাম গুহেরকান্দি থেকে ইউপি সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
গ্রামবাসীর সঙ্গে আলোচনা না করে এ ধরনের ঘোষণা দেয়ায় একই গ্রামের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মোল্লা ক্ষুব্ধ হন। এর জের ধরে শনিবার বিকেলে মুন্সীরহাট বাজারে আলাউদ্দিন মোল্লা ও সৈয়দ জমাদ্দারের নির্দেশে আওয়ামী লীগ কর্মীরা তাকে বেদম মারধর করে। বর্তমানে যুবলীগ নেতা আফজাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আজ রোববার আফজালের স্ত্রী রোখসানা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান জানান, দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা সৈয়দ জমাদ্দার এবং চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন মোল্লাসহ ৫ জনকে আসামি করা হয়েছে। তিনি আরো জানান, আহত যুবলীগ নেতাও একজন সন্ত্রাসী। তার নামেও একাধিক মামলা রয়েছে।