কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মঙ্গলবার দুপুর থেকে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে পদ্মার ডুবোচরে ২টি ফেরি আটকা পড়ে। এ সময় মাঝপদ্মায় নোঙরে থাকে আরো ৩টি ফেরি। এর ফলে মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি-র ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে কালবৈশাখী ঝড় নৌরুটে আকস্মিক আঘাত হানে। এতে মাওয়া ও কাওড়াকান্দি ফেরিঘাট থেকে কোনো ফেরি চলাচল করেনি। বিকেল ৩টা পর্যন্ত ঝড়ের কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে ঝড়ের প্রচ- বাতাসে ফেরি কিশোরী ও ফেরি যশোর নৌরুটের ডুবোচরে আটক পড়ে। এ রিপোর্ট লেখার সময় আইটি-৯৪ নামের অপর একটি উদ্ধারকারী ফেরি আটকে পড়া ফেরি দুটি উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা হয়ে গেছে।
বিকেল ৩টার দিকে ঝড়ের গতিবেগ কমে আসলে মাঝপদ্মায় নোঙরে থাকা ফেরি রামশ্রী, ফেরি লেন্টিং ও কর্ণফুলী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
তবে এখনো পর্যন্ত ডুবোচরে আটকে থাকা ফেরি দুটি উদ্ধার করা যায়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম