Saturday, May 28, 2011

সিরাজদিখানে হিন্দু সমর্থকের বাড়িতে বোমা হামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে চেয়ারম্যান প্রার্থীর হিন্দু সমর্থকের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়ানগর গ্রামে ধীরন বাড়ৈইয়ের বাড়িতে পরপর ২টি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনায় ধীরন বাড়ৈই বাদী হয়ে আজ শুক্রবার দুপুরে সিরাজদিখান থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

গ্রামবাসী জানায়, সিরাজদিখান উপজেলার নয়ানগর গ্রামের ধীরন বাড়ৈই রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমএ কাশেমের সমর্থক। এতে হিন্দু সমপ্রদায়ের ভোট পাওয়া নিয়ে সন্দিহান হয়ে পড়েন অপর প্রার্থীরা। গ্রামবাসীদের ধারণা, হিন্দু সমপ্রদায়ের মনে আতঙ্ক সৃষ্টি করা ও ধীরন বাড়ৈইকে ভয়ভীতি দেখাতেই বাড়িতে দুর্বৃত্তরা ২টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। আজ শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ তদন্ত শেষে মামলায় নয়ানগর এলাকার শাহীন, রানা ও সাগরের নাম অর্ন্তভূক্ত করেছেন বলে জানা গেছে। তবে বাদী ধীরন বাড়ৈই জানান, প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর লোকজন এ হামলা করতে পারে।

বোমা হামলা প্রসঙ্গে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় ৯ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিক আসামিদের নাম জানাতে পারেন নি তিনি। ঘটনার পর থেকে নয়ানগর গ্রামের ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।