Monday, May 09, 2011

গজারিয়ায় দু'গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

মুন্সীগঞ্জের গজারিয়ায় দু'গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় ৩টি দোকানও ভাঙচুর করা হয়। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর, নতুনচর ও হোসেন্দী বাজার এলাকায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। গুরুতর আহত হনুফা বেগম, ফকরুদ্দিন, হৃদয়, আক্তারসহ বেশ কয়েকজনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। মেঘনা নদীর তীর ঘেঁষে বালু কাটায় ড্রেজার শ্রমিক ও শিল্প শ্রমিকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় এ সংঘর্ষের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছে। এদিকে ঘটনার পর হোসেন্দী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার ভবানীপুর নতুনচর গ্রামে ড্রেজার মালিক ফকরুদ্দিন মিয়ার বাড়িতে শিল্প শ্রমিক আরিফ ও তার লোকজন হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় হনুফা বেগম নামের এক বৃদ্ধা মহিলা আহত হয়। এর জের ধরে ড্রেজার মালিক ও শ্রমিকরা পাল্টা শিল্প শ্রমিকদের উপর হামলা চালালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত হোসেন্দী বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। এদিকে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এসআই শামছুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলের অদূরে অবস্থান নেয়।

গজারিয়া থানার এসআই শামছুল ইসলাম ঘটনাস্থল থেকে শীর্ষ নিউজ ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।