Sunday, May 15, 2011

শ্রীনগরে নির্বাচনী গণসংযোগের সময় মন্ত্রণালয়ের ২টি গাড়ি আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে যোগাযোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে চড়ে নির্বাচনী গণসংযোগ করার সময় পুলিশ দু'টি গাড়ি আটক করেছে। শুক্রবার বিকেলে উপজেলার কুকুটিয়া থেকে গাড়ি দু'টি আটক করে পুলিশ। এ নিয়ে কুকুটিয়া এলাকায় বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার ও আ'লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থিত কর্মীদের মধ্যে মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে ঘণ্টাব্যাপী হট্টগোলের ঘটনা ঘটে। আ'লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর জানান, যোগাযোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত ২টি গাড়িতে করে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার দলীয় ১০-১২ জন নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে এলাকাবাসী মন্ত্রণালয়ের গাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সময় ওই হট্টগোলের ঘটনা ঘটে।

অপরদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার জানান, আ'লীগ নেতাকর্মীরা মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার লাগিয়ে নির্বাচনী গণসংযোগ করছে। এতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে গাড়ি আটকালে আ'লীগ কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হট্টগোল বাঁধে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, যোগাযোগ মন্ত্রনালয়ের এক কর্মচারীর আত্মীয়-স্বজন মন্ত্রণালয়ের ২টি গাড়ি নিয়ে শ্রীনগরের কুকুটিয়া এলাকায় বেড়াতে আসেন। এ সময় বিএনপি কিংবা আ'লীগের নেতাকর্মীরা মন্ত্রণালয়ের ওই গাড়িতে বসা ছিলেন। এ ঘটনায় আ'লীগ ও বিএনপির কর্মীরা হট্টগোলে জড়িয়ে পড়ে। তবে মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি ২টি সত্যিকার অর্থে যোগাযোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।