Tuesday, May 24, 2011

শ্রীনগরে প্রতীক বরাদ্দে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছের চেয়ারম্যান প্রার্থীরা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগে প্রতীক বরাদ্দের লটারির ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তারা। আজ সোমবার বেলা ১২টার দিকে নির্বাচন অফিসের সামনে তারা এ বিক্ষোভ করেন।

জানা যায়, জেলার শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের ৪ চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক বরাদ্দ চান। বেলা ১২টার দিকে নির্বাচন অফিসে লটারির আয়োজন করা হয়। লটারিতে রিটার্নিং অফিসার আলেকুজ্জামান চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের পক্ষাবলম্বন করে তাকে আনারস প্রতীক পাইয়ে দেন বলে অভিযোগ করেন অপর চেয়ারম্যান প্রার্থীরা। এতে তাৎক্ষণিক অপর ৩ চেয়ারম্যান প্রার্থী লটারি নিরপেক্ষ হয়নি বলে প্রতিবাদ করেন। পরে নির্বাচন অফিস প্রাঙ্গনে লটারির ফলাফল বাতিলের দাবিতে তাদের সমর্থকরা মিছিল বের করে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

এ প্রসঙ্গে শ্রীনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আব্দুল লতিফ মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।