মুন্সীগঞ্জের লৌহজংয়ে যাত্রীবাহী বাস উল্টে ৩০ জন যাত্রী আহত হয়েছে। এ নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানান, দুপুর দেড়টার দিকে লৌহজংয়ের উত্তর মেদেনীমন্ডল তারা মসজিদের সামনে আপন পরিবহনের যাত্রীবোঝাই বাস উল্টে যায়। মাওয়া চৌরাস্তা থেকে যাত্রীবোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উল্টে মহাসড়কে পড়ে থাকলে যানবাহন চলাচল বন্ধ থাকে।হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, দুপুর আড়াইটার দিকে সড়ক ও জনপথের অত্যাধুনিক রেকারের যাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শীর্ষ নিউজ