Tuesday, December 23, 2014

কালাচান্দের আখড়া ও রাধাকৃষ্ণ মন্দিরে শেষ হলো ৫ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান

ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলায় লতব্দী ইউনিয়নের কালাচান্দের আখড়া ও রাধাকৃষ্ণ মন্দিরে শেষ হলো বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান ও উৎসব। সোমবার সমাপনী দিনে আখড়া চত্বরে ছিল গ্রামীণ মেলাসহ নানা আয়োজন। অনুষ্ঠানাদির মধ্যে ছিল গীতা পাঠ, মহানামযজ্ঞের অধিবাস, তারকব্রহ্ম নামসংকীর্তন, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জভঙ্গ, মহন্তের ভোগরাগ ও অপরাহ্নে প্রসাদ বিতরণ। নামযজ্ঞানুষ্ঠান ও উৎসবে প্রায় ৫ হাজার ভক্ত মহাপ্রসাদ আস্বাদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি নিত্যানন্দ মন্ডল, সাধারণ সম্পাদক পরিমল সরকার, খিদিরপুর কালাচান্দের আখড়া ও রাধাকৃষ্ণ মন্দিরে কমিটির সভাপতি সুকুমার মল্লিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজ ফজলুল হক প্রমুখ। খিদিরপুর কালাচান্দের আখড়া ও রাধাকৃষ্ণ মন্দিরে কমিটির সভাপতি সুকুমার মল্লিক বলেন, এবারের নামযজ্ঞানুষ্ঠান ও উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্প্রীতি বৃদ্ধি আর হিংসা দূর করার আহ্বান জানানো হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় অনুষ্ঠানে মুন্সীগঞ্জসহ সিরাজদিখান উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে সব ধর্ম-বর্ণের নারী-পুরুষ-যুব ও শিশুরা অংশ নিয়ে আন্দোলিত করে মাতিয়েছেন এলাকাকে।