Wednesday, December 17, 2014

টঙ্গীবাড়িতে ব্যাপকভাবে মহান বিজয় দিবস পালিত

খান আবু বকর সিদ্দীক: টঙ্গীবাড়ীতে ব্যাপকভাবে মহান বিজয় দিবস পালিত ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়েছে। আজ সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। পুলিশ, আনসার ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ শেষে বিভিন্ন রঙের ফেস্টুন ব্যানার নিয়ে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজ ও বিক্রমপুর টঙ্গীবাড়ি প্রেসক্লাব অংশ নেয়।

এর আগে সকাল ৬ টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বিভিন্ন সংগঠন। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল হক, ওসি মো. আব্দুল মালেক পিপিএম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সামসুল হক প্রমুখ। পরে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদান করা হয়।

মুন্সীগঞ্জ বার্তা