Friday, December 12, 2014

পদ্মা নদীতে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে আবারও ফেরি চলাচল বন্ধ

গত কয়েকদিনের মত বৃহস্পতিবার রাতেও ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় পদ্মা নদীতে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, ঘন কুয়াশা পড়ায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি জানান, মাঝ পদ্মায় কয়েক হাজার যাত্রী ও বেশ কিছু যান নিয়ে আটকা পাঁচটি ফেরি আটকা পড়েছে। আর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় সাতশ’ যান।

পদ্মা সেতু নির্মাণের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রান্তের মাওয়া ঘাটটি সরিয়ে শিমুলিয়ায় আনা হয়েছে। এখন এখান থেকে লঞ্চ ও ফেরি কাওড়াকান্দি যাচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার সকাল এবং সন্ধ্যায় বেশ কয়েকদফায় এই রুটে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শেখর চন্দ্র রায় বলেন, “কুয়াশার কারণে নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

“মাঝ পদ্মায় আটকা পরা ফেরিগুলো নোঙ্গর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হবে।”

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুল বাতেন বলেন, “কাওড়াকান্দি প্রান্তে কুয়াশার তীব্রতা অপেক্ষাকৃত কম। তাই এ প্রান্ত থেকে ফেরিগুলো ছেড়েছে, যেগুলো মাঝ পদ্মায় আটকা পরেছে।”

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে শিমুলিয়া-কাওড়াকান্দি পদ্মা পারাপারের পথ।

বিডিনিউজ