Monday, December 29, 2014

নৌ-পরিবহন মন্ত্রী ১৩ ঘন্টা পর দুর্ভোগ থেকে রেহাই পেলেন

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারনে মাঝ পদ্মায় ফেরীতে নোঙরে থাকা অবস্থায় দুর্ভোগের কবল থেকে সোমবার সাড়ে বেলা ১২ টার দিকে রেহাই পেয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম। দীর্ঘ ১৩ ঘন্টা পর তারা ঘন কুয়াশা ও শীত থেকে রেহাই পেলেন।

এর আগে রোববার সাড়ে রাত ১০ টার দিকে নৌরুটে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় ফেরী ফরিদপুর মাঝ নদীতে নোঙরে থাকে। এ সময় ওই ফেরীতে ছিলেন নৌ-মন্ত্রী শাজাহান খান ও আ’লীগের কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাসিম।

বিআইডব্লিউটিসির ম্যানেজার (বানিজ্য) সিরাজুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাত সাড়ে ১০ টার দিকে নৌরুটে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। মার্কিং-বয়া বাতি নির্ণয় দুস্কর হয়ে উঠে। এ সময় মাঝ পদ্মায় নৌরুটের বিভিন্ন পয়েন্টে ১০টি ফেরি নোঙ্গরে থাকে।

একই সঙ্গে মাদারীপুরের নির্বাচনী এলাকার কাজ শেষে রাত ১০ টার দিকে ফেরী ফরিদপুরে চড়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি ও বাহাউদ্দিন নাসিম এমপি কাওড়াকান্দি ঘাট থেকে রওনা হন। প্রায় দেড় কিলোমিটার অদুরে রাত সাড়ে ১০ টার দিকে ঘন কুয়াশার কারনে ফেরী ফরিদপুর মাঝ পদ্মায় নোঙর করে।

বিডিলাইভ