Tuesday, December 23, 2014

শিল্প প্রতিষ্ঠানের মালিক ও পরিচালনা পর্ষদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রোববার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকদের সঙ্গে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প কারখানায় চাঁদাবাজি, শ্রমিক অসন্তোষ, সন্ত্রাসী এবং মাদকাসক্ত কর্মকান্ডের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এনব সমস্যার সমাধানে পুলিশী ব্যবস্থা নেওয়ার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের মালিক, পরিচালক এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান হতে পারে বলে অংশগ্রহণকারীরা মতামত প্রকাশ করেন।

সভায় জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমদাদ হোসাইন, এএসপি (হেডকোয়ার্টার) কানিজ ফাতেমা, সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ফকির, ডিবির ওসি মো. শহীদুল ইসলাম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদসহ জেলার বিভিন্ন শিল্প কারখানার মালিক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ বার্তা