Wednesday, December 24, 2014

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল

মোজাম্মেল হোসেন সজল: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে মুন্সীগঞ্জে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা ছাত্রদল মুন্সীগঞ্জ শহরে এ কর্মসূচি পালন করেন।

ছাত্রদল নেতারা জানান, বিকেল পৌনে ৪টার দিকে শহরের খালইস্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিছুদূর এগুনোর পর শ্রীপল্লী সড়কে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে। পরে ব্যানারটি সরিয়ে ফেলা হলে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে থানারপুলস্থ দলীয় কার্যালয় চত্বরে এসে সমাবেশ করেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সভাপতি আরিফ আহম্মেদ, সাধারণ সম্পাদক আল-আমিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগ, ছাত্রদল নেতা ফয়সাল মোল্লা, তানভির, পারভেজ, মাসুদ কাজী, লিমন, সোহাগ, রাইসুল, পলাশ প্রমুখ।

উল্লেখ্য, তারেক রহমানের বিরুদ্ধে গত ২১ শে ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন শহর ছাত্রলীগ সভাপতি নছিবুল ইসলাম নোবেল। আদালতের বিচারক মো. হারুন-অর-রশীদ মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ২৫ শে জানুয়ারির মধ্যে তারেক রহমানকে আদালতে স্ব-শরীরের হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।#

মুন্সীগঞ্জ বার্তা