আরিফ হোসেন: শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুই ডাকাত ও তাদের দেওয়া তথ্য অনুযাযী অপর এক ডাকাতকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাও গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ৩ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রাত পৌনে একটার দিকে ওই গ্রামের রতন দাসের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে এক ভড়ি স্বর্ণালংকার ও নগদ একলাখ চল্লিশ হাজার টাকা লুটে নেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বাড়ির খোকন দাস (৪৮), অংকন দাস (২২), গীতা রানী (২৫) গুরুতর আহত হয়।

ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মানিক (২২) ও আক্তার (৩০) নামে দুডাকাতকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অপর ডাকাত শ্রীনগর থানার পাশ্ববর্তী গ্রীল দোকানী রাসেল (৩০) কে পায়ে আঘাত প্রাপ্ত অবস্থায় তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দা, শাবল ও গ্রীলকাটার যন্ত্র এবং এক ডাকাতের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করে। আটককৃত ডাকাত জানান, গত মঙ্গলবার দিন দুপুর ১২ টার দিকে শ্রীনগর পুরাতন থানার সামনে তারা ডাকাতির পরিকল্পনা করে । পরিকল্পনা অনুযায়ী ডাকাত দলের ১২ সদস্য রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে ষোলঘর বাসষ্ট্যান্ডে মিলিত হয় । পরে ৬ জন করে দুভাগে বিভক্ত হয়ে প্রথমে অটো রিক্সায় ও পরে পায়ে হেঁটে তারা ওই এলাকায় যায়। রাত সাড়ে বারটার দিকে রতন দাসের বাড়ির নীচে তাদের সাথে আরো তিন চার সদস্য এসে যোগ দেয়।
এসময় ডাকাত দল অতর্কির্তে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে মানিক ও আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে। মানিক শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের সিংহের মাঝিপাড়া এলাকার সায়েদ আলী ওরফে শাহিন এর ছেলে। আক্তার হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফুলুখন্দ গ্রামে। তার বাবার নাম খালেক বেপারী। অপর ডাকাত গ্রীল দোকানী রাসেলের বাড়ি শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়হাটা গ্রামে। তার বাবার নাম মুজিবর মোড়ল।
বুধবার দুপুরে শ্রীনগর সার্কেলের এএসপি কুতুবুর রহমান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।