Wednesday, December 24, 2014

পদ্মা সেতুতে ভুটান উৎকৃষ্টমানের পাথর দিয়ে সহায়তা করবে : ভুটান রাষ্ট্রদূত

ভুটান যমুনা সেতুর মতো পদ্মা সেতুতেও উৎকৃষ্টমানের পাথর দিয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন ভুটানের রাষ্টদূত পেমা ছোদেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

রাষ্টদূত পেমা ছোদেন বলেন, পদ্মা সেতু একটি বৃহৎ প্রকল্প। সেক্ষেত্রে যমুনা সেতুর মতো এবারও পদ্মা সেতুতে ভুটান পাথর দিবে। এজন্যে সরকারের সঙ্গে চুক্তি সই হয়েছে। এই সেতু নির্মিত হলে মাদারীপুর উন্নত জেলায় পরিণত হবে। যোগাযোগ ব্যবস্থার অধিকতর উন্নয়ন হবে। বিদ্যুৎ সরবরাহের জন্যেও ভুটানের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে।’

পেমা ছোদেন এ সময় বাংলাদেশ-ভুটানের সর্ম্পক নিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় ভুটান সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় সর্ম্পক আরো মজবুত হয়েছে। সেই কারণে গত ৬ ডিসেম্বর ভুটানের প্রধানমন্ত্রী এদেশে এসেছেন। দু’দেশের সর্ম্পক আরো বাড়বে।

মাদারীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেবুল আহসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা পেমা ছোদেনকে সংবর্ধনা দেন।

পরে পেমা ছোদেন তার ব্যক্তিগত ড্রাইভার সেলিম মাতুব্বরের গ্রামের বাড়ি সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ভুটেরবাড়ির একটি অনুষ্ঠানে যোগ দেন।

শীর্ষ নিউজ