Sunday, December 28, 2014

শ্রীনগরে শীতার্তদের জন্য পুলিশের কম্বল ও শীতবস্ত্র বিতরন

আরিফ হোসেন: শনিবার রাত এগারটা। শৈত্যপ্রবাহের মধ্যে শ্রীনগর ষ্টেডিয়াম মার্কেটের বরান্দায় পাকার উপর সামান্য পাতলা কাপড় বিছিয়ে জবুথবু হয়ে শুয়ে আছে মাথা গোজার ঠাই হীন তিন চারশ খেটে খাওয়া মানুষ। হঠাৎ একদল পুলিশ তাদের ঘুম থেকে ডেকে তুলে। মহুর্তের মধ্যে খেটে খাওয়া মানুষগুলোর চোখে মুখে ছড়িয়ে পরে আতঙ্ক। তাদের আতংকিত না হওয়ার জন্য আশ্বস্ত করে জেলা পুলিশের রেশন বিক্রির টাকায় কেনা কম্বল ও শীতবস্ত্র নিজেদের হাতে মানুষ গুলোর গায়ে দেন পুলিশের সদস্যরা। এতে দরিদ্র মানুষ গুলোর শুকনো মুখে হাসি ফুটে উঠে।

পরে পুলিশের সদস্যরা মাশুরগাও ফেরিঘাট, ছনবাড়ী ও দেউলভোগ বেদে পল্লী এলাকার নদী ভঙ্গা ও দরিদ্র শতাধিক পরিবারের খুপড়ি ঘরে গিয়ে নারী ও শিশুদের মধ্যে শীত বস্ত্র ও কম্বল দিয়ে তাদের শীত থেকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। এসময় মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, শ্রীনগর সার্কেল এএসপি কুতুবুর রহমান চৌধুরী, সদর সার্কেল এএসপি এমদাদ হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সেচ্ছায় দেওয়া রেশনের অংশ বিক্রির টাকায় তেরশ কম্বল ও সহস্রাধিক শীতবস্ত্র কেনা হয়েছে। এগুলো প্রতিটি থানায় দরিদ্র ও অসহায়দের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হবে।