Sunday, November 02, 2014

মাওয়া অংশে মাটি পরীক্ষার কাজ শুরু

পদ্মা সেতু প্রকল্প
পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার মাওয়া ফেরিঘাটের কাছে সেতুর দুই নম্বর পিলার পয়েন্টে প্রথম মাটি পরীক্ষার কাজ শুরু হয়। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশি প্রকৌশলীদের সহায়তায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের প্রকৌশলীরা মাটি পরীক্ষার কাজ করছেন। এ কাজের তদারকি করছেন নেপালের বিশেষজ্ঞ ড. হেমনাথসহ দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা।

শনিবার মাওয়ায় মাটি পরীক্ষার কাজের স্থান ঘুরে দেখা যায়, সেতু-সংশ্লিষ্ট প্রায় ১০০ মিটার গভীরের মাটি তুলে এনে তা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে সেতুর মোট ২৬৬টি পিলারের মধ্যে মাওয়া অংশের ৬৬টি পিলারের স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মাওয়া ফেরিঘাটের কাছে ২ নম্বর পিলারে এই পরীক্ষা চলছে। পরবর্তী দুই-এক দিনের মধ্যে একই সঙ্গে ৩ নম্বর পিলারের মাটি পরীক্ষার কাজও শুরু হবে। একেকটি পয়েন্টে মাটি পরীক্ষায় প্রায় সাত দিন সময় লাগবে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এর আগে পদ্মা সেতুর তিন শিপমেন্টের মালামাল মাওয়ায় পৌঁছেছে। চতুর্থ শিপমেন্টের জাহাজও গত শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এখন মাওয়ায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আর গতকাল মাটি পরীক্ষার কাজ শুরু হওয়ায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের অগ্রগতিতে খুশি এলাকাবাসী। এই সেতু নির্মাণ সম্পন্ন হলে শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব পড়বে। পদ্মায় ফেরি পারাপারের দুর্ভোগও লাঘব হবে।

কালেরকন্ঠ