Wednesday, November 26, 2014

হাতীমারা-আমতলায় বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রির মৃত্যু

সদরে মঙ্গলবার রাতে একটি দ্বিতল পাকা ভবনে নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ মাঝি (২৬) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় ভবন নির্মাণের ঠিকাদার বাবুল মিয়া (৩৮) গুরুতর আহত হয়েছেন। সদর উপজেলার হাতীমারা-আমতলা গ্রামে গনি চোকদারের নির্মাণাধীন দ্বিতল ভবনে রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সবুজ মাঝি পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালাম মাঝির ছেলে। আহত ঠিকাদার বাবুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিমারা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম রাজমিস্ত্রির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দ্বিতল ভবনের ছাদে কাজ করার সময় ৩৩ কেভি সঞ্চালন লাইনের বিদ্যুতের তারের সঙ্গে হাতে থাকা লোহার রড জড়িয়ে পড়েন রাজমিস্ত্রি সবুজ মাঝি।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভবনের ঠিকাদার বাবুলও বিদ্যুতায়িত হন। পরে তাদের দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক রাজমিস্ত্রি সবুজকে মৃত ঘোষণা করেন।

ঠিকাদার বাবুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত সোয়া ৮টার দিকে পুলিশ সবুজের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দ্য রিপোর্ট