জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে যানবাহনশূন্য হয়ে পড়েছে মাওয়া ফেরিঘাট। হরতালের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে কোনো বাস-ট্রাক চলাচল না করায় সীমিত পরিসরে ফেরি পারাপার করছে।ঢাকা থেকে কোনো বাস দক্ষিণ অঞ্চলের উদ্দেশে ছেড়ে যায়নি। দক্ষিণ অঞ্চল থেকে কোনো বাস ঢাকার দিকে আসেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, সকাল থেকে ঘাটে তিনটি ফেরি বাঁধা আছে। তবে দুই-তিনটা প্রাইভেটকার ও এ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন পারাপারের জন্য আসছে না। তাই ফেরিগুলো অলসভাবে অপেক্ষা করেছে।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির উজ জামান জানান, ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলগামী যাত্রীবাহী যানবাহন চলাচল করছে না। তবে মাওয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে কিছু লোকাল বাস চলছে, যা অন্য দিনের তুলনায় কম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবের চর হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, হরতালের কারণে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করছে না। ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে আসেনি। অন্যদিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস চলাচল করছে না।
এদিকে, বাস চলাচল না করায় অনেককে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করতে দেখা গেছে।
দ্য রিপোর্ট