জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। সোমবার বিকেলে এক শোক বার্তায় উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, বাঙালীর স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক, মহান মুক্তিযুদ্ধের সাতটি গৌরবময় অধ্যায় যার মাধ্যমে অসাধারণভাবে ফুটে উঠেছে।স্মৃতিসৌধ প্রতিষ্ঠার প্রেক্ষাপট উল্লেখ করে শোকবার্তায় কামাল লোহানী বলেন, স্মৃতিসৌধের নকশা এঁকে বাঙালীর মানসপটে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছেন মইনুল হোসেন। ১৯৭৮ সালে সরকার যখন মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে সাভারে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়, তখন নকশা আহ্বান করা হলে মোট ৫৭টি নকশা জমা পড়ে। এর মধ্যে মইনুল হোসেন-এর আঁকা নকশাটিই চূড়ান্তভাবে নির্বাচিত হয় এবং সে অনুযায়ী নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর থেকেই দেড়শ’ ফুট উঁচু ওই মিনারটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি, স্বাধীনতা সংগ্রামী মইনুল হোসেন-এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উদীচী।
দ্য রিপোর্ট